প্রিন্সিপালের বানী

​বিসমিল্লাহির রহমানির রাহিম ​আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ​চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী চরলক্ষ্যা ইউনিয়নে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘স্টুডেন্টস কেয়ার মডেল স্কুল’ আজ সাফল্যের সাথে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের মূল লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান বিতরণ নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। ​আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা কেবল জিপিএ-৫ বা প্রাতিষ্ঠানিক ফলাফলের পেছনে না ছুটে, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের রয়েছে একঝাঁক তরুণ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী, যাঁরা প্রতিটি শিক্ষার্থীর প্রতি গভীর যত্ন ও ভালোবাসার মাধ্যমে পাঠদান সম্পন্ন করেন। ​ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরা উন্নত ও আধুনিক শিক্ষাপদ্ধতি অনুসরণের চেষ্টা করছি, যেন আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক ও বিশ্বমানের যোগ্যতাসম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে। ​বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় সম্মানিত অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা আমাদের পথচলাকে সমৃদ্ধ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক-অভিভাবকের যৌথ প্রচেষ্টা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই আমরা আমাদের সন্তানদের একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে পারব। ​স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের সকল শিক্ষার্থীর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।